1. »
  2. অর্থ বাণিজ্য

বাড়ল বিদ্যুতের দাম

বুধবার, ৩ জুন, ২০২৬ ০৩:৩৪ পিএম | আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ০৩:৪১ পিএম

বাড়ল বিদ্যুতের দাম

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে পাইকারি পর্যায়ে বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই ট্যারিফ ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। 

নতুন ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থাগুলো পাইকারি ও খুচরা মূল্যহার এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন করে বিইআরসির কাছে। পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা এই প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের বক্তব্য ছিল, খাতটিতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুল পরিকল্পনার বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো উচিত নয়।

সংস্থাগুলোর আবেদনে পিডিবি প্রতি ইউনিটে ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছিল।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।