বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০২:২৯ পিএম | আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০২:২৯ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সুদহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে।
শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় বেলা ১১টা ৪৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সামগ্রিকভাবে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।
এছাড়া আগামী আগস্টের সরবরাহ চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭১.৭০ ডলারে দাঁড়িয়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়াদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং লেবানন থেকে ইসরাইলের সেনা না সরানোর ঘোষণায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। এর ফলে তেহরানের সঙ্গে শান্তি চুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ বড় ধাক্কা খেয়েছে, যা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্রাপেল বলেন, ইরান সংঘাত নিরসনে হতাশা এবং মার্কিন বাজারে সুদহার বৃদ্ধির প্রবণতা — এই দুটি কারণ মিলে স্বর্ণের বাজারে বাড়তি চাপ তৈরি করেছে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের 'ফেডওয়াচ' টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার বাড়াতে পারে বলে ৫১ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই চিত্র দেখা গেছে। রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৩৬ ডলারে, প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১,৮৮০.৪০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১,২৯৮.৪৯ ডলারে নেমে এসেছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম কমল
- বাড়ল বিদ্যুতের দাম
- দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার
- বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
- যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম, তবে চুক্তি অনিশ্চিত
- বাড়ল স্বর্ণের দাম
- ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির আভাসে কমল তেলের দাম