১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০২:৩৮ পিএম | আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬ ০২:৩৮ পিএম
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। ওই সংঘর্ষে গুরুতর আহত কালাম তালুকদারকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার পর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
তবে শুক্রবার সকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাইকিং করে সহিংসতার ডাক দেয় সংঘর্ষে জড়িতরা। স্থানীয়দের দাবি, উভয় পক্ষ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নতুন করে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।
জানা যায়, গত ২২ এপ্রিল বাকিতে পণ্য কেনাকে কেন্দ্র করে গোপালপুরের গোলপেঁচা ও ভূঞাপুরের জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমবার সংঘর্ষ হয়। সেই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।
ভূঞাপুর ইউএনও মো. মাহবুব হাসান বলেন, দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ সংঘর্ষ এখন আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সীমিত জনবল নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে তিনি জানান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি