একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:৩০ এএম
দেশের একাধিক সীমান্ত দিয়ে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্তে পুশইনের একের পর এক চেষ্টা ঠেকিয়ে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি শেরপুর ও পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সীমান্তে আরও ১৭৬ জনকে জড়ো করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। এদিকে গত শুক্রবার রাতে জয়পুরহাট সীমান্তে ২৫ জনকে পুশইনের চেষ্টাও নস্যাৎ করে দেয় বিজিবি। এরপর সেখানে অতিরিক্ত জনবল মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
মেহেরপুরের গাংনী সীমান্তে আজ ভোরে নারী-শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হলেও ছয়জন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, নদীয়া জেলার করিমপুর থানা এলাকা দিয়ে পুশইনের চেষ্টা হয়েছিল। কুষ্টিয়া সেক্টর বিজিবির সহকারী পরিচালক মো. নুরুল হুদা জানান, কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে শূন্যরেখায় দুদিন আটকে থাকা ২৮ জনকে রাতের আঁধারে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে সীমান্তের লাইট নিভিয়ে দেওয়ার পর থেকে ওই ব্যক্তিদের আর দেখা যাচ্ছে না। তবে তাদের ব্যাগ ও পোশাক এখনো সেখানে পড়ে রয়েছে। একইভাবে নওগাঁর সাপাহার সীমান্ত থেকেও ১৭ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বৃহস্পতিবার রাতে ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নেন এবং এখনো সেখানেই আছেন। এ নিয়ে বিএসএফ-বিজিবি মুখোমুখি অবস্থানে রয়েছে। নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।
কুষ্টিয়া সীমান্তে পুশইনের পাশাপাশি মানব পাচার চক্রও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। জনপ্রতি ৩০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর প্রস্তাব দিচ্ছে এই চক্র। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, মানব পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কয়েকজনকে শনাক্তও করা হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়া সীমান্তে বৃহস্পতিবার দুজনকে পুশইনের পর পুশব্যাক করে বিজিবি। এরপর থেকে সীমান্ত এলাকায় সচেতনতামূলক মাইকিং শুরু করেছে ৪৮ বিজিবি। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, পুশইন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতেও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন
- পদ্মায় তলিয়ে যাওয়া বাস উদ্ধার
- পল্লবীতে আবারও একাকী মৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার অর্ধগলিত মরদেহ