1. »
  2. সমগ্র দেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:১১ এএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:১১ এএম

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

গত ৩ জুন রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী মো. জোবায়েরের (১৮) পথ রোধ করে। বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মুঠোফোন ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি অটোরিকশাও চালাতেন।

এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। 

প্রতিবেশী টিপু জানান, মামলার জন্য থানায় গেলে পুলিশ টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় মামলা নেওয়া হয়নি।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, দায়িত্বে অবহেলার কারণে এসআই মাসুদ রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। নিহতের পরিবার মামলা করলে গ্রেপ্তার আসামিকে সেই মামলায়ও দেখানো হবে বলে জানান ওসি।