1. »
  2. জাতীয়
অনিয়মের চিত্র উন্মোচন

প্রটোকল ছাড়াই আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

সোমবার, ৮ জুন, ২০২৬ ০১:২৭ পিএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ০১:২৭ পিএম

প্রটোকল ছাড়াই আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। 

আজ সোমবার (৮ জুন) এই পরিদর্শনে দুই কার্যালয়েই সেবাদান ব্যবস্থাপনা, উপস্থিতি শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে একাধিক অনিয়ম ও ঘাটতির চিত্র উঠে আসে।

পরিদর্শনে দেখা যায়, ৮ জন কর্মকর্তার মধ্যে নির্ধারিত সময়ে মাত্র দুজন, একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী উপস্থিত ছিলেন। 

আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫-২০ মিনিট পর কার্যালয়ে পৌঁছান তিনি।

অফিসের বাইরে অপেক্ষমাণ সেবাপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে সরাসরি কথা বলে সেবাদানে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করেন এবং তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের দুর্বল অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

কর্মকর্তারা জানান, সার্ভার সমস্যার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী সার্ভার-সংক্রান্ত কাজে নিয়োজিতদের শোকজ করার নির্দেশ দেন। পাশাপাশি তথ্যকেন্দ্র ডেডিকেটেড জনবল দিয়ে পরিচালনার নির্দেশ দিয়ে সেবার মান ও কার্যকারিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী), সাভার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কার্যালয় সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাট তার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনারকে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এই আকস্মিক পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া—দুই রাজস্ব সার্কেলেই সেবাদান ব্যবস্থাপনা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে একাধিক অনিয়ম ও ঘাটতি উঠে আসে।