আবারও কমল স্বর্ণের দাম
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৩১ এএম | আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৩১ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা মূল্যবৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।
শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী—
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) সবশেষ দাম সমন্বয় করেছিল বাজুস, যখন প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। সেদিনের দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ৭৭ বার। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৯ দফা, কমানো হয়েছে ৩৭ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। তুলনায়, গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল—যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।