1. »
  2. সমগ্র দেশ

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে, চালক নিহত

রবিবার, ২১ জুন, ২০২৬ ০২:৫২ পিএম | আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ০২:৫২ পিএম

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে, চালক নিহত

কুষ্টিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাকে আগুন ধরে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চালকের সহকারী, যিনি পাথরের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে খুলনার দিকে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের রেলিং ভেঙে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে আগুন ধরে যায়।

নিহত চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায়। দুর্ঘটনার সময় ট্রাকের সঙ্গে থাকা সহকারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়ে থাকার সম্ভাবনা থাকায় তার মরদেহ উদ্ধারে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি জানান, সোনামসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে ট্রাকটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।