মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, ১২ দিন পর যুবকের মৃত্যু
সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:১৮ পিএম | আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:১৮ পিএম
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
পরিদর্শক ফারুক জানান, সাজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১০ জুন রাতে চলন্ত মোটরসাইকেলে ছিলেন সাজিদ। সে সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, যার আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালে, যেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর মৃত্যু হলো।
স্বজনদের দাবি, এ ঘটনায় জড়িত হিসেবে স্থানীয় দুই ব্যক্তির নাম উঠে এসেছে, যাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং যাঁদের বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
তবে স্বজনদের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে ইট ছোড়া হয়নি—বরং সম্পত্তি-সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন। তাঁদের ভাষ্য, ঘটনার কয়েক দিন আগে এলাকার কয়েকজন যুবক সাজিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছিলেন, এই বিষয়গুলো তদন্তের আওতায় আনলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে তাঁরা মনে করছেন।
সাজিদ রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম শামসুল চৌধুরী, মা তানিয়া চৌধুরী। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮