1. »
  2. সমগ্র দেশ
প্লাবিত নিম্নাঞ্চল

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

সোমবার, ২৯ জুন, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১১:০০ এএম

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) চেয়ে ১০ সেন্টিমিটার বেশি। সকাল থেকেই পানি দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন এলাকায় ফসলি জমি প্লাবিত হয়েছে।

বিশেষ করে হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা বাড়ছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলের কারণে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।