1. »
  2. অর্থ বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১১:০৭ এএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১১:০৭ এএম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ার ধারার পর হঠাৎই স্বর্ণবাজারে দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (ভ্যাটসহ)।

সোমবার (১৩ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

 বাজুসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাঁটি স্বর্ণের দর কমে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায়।

সংস্থাটি জানিয়েছে, আপাতত এই মূল্যই বহাল থাকবে। অলঙ্কারের ক্ষেত্রে ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে, তবে ভ্যাট আলাদাভাবে নেওয়া যাবে না, কারণ তা মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে।

মাত্র তিন দিন আগেই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবারও দামে পরিবর্তন আনা হলো।

চলতি বছরে স্বর্ণের দামে ওঠানামা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এখন পর্যন্ত ৯০ বার মূল্য সমন্বয় করা হয়েছে, যার মধ্যে প্রায় সমানসংখ্যক বার দাম বেড়েছে ও কমেছে। আর ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৯৩, যেখানে বাড়ার ঘটনাই ছিল বেশি।