1. »
  2. সমগ্র দেশ

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:৩৭ এএম

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। বুধবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি এখনো বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে—পরিস্থিতি যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করার মতো।

পানি বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে মাঠপর্যায়ে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি আরও বাড়লে এসব এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা প্রবল হয়ে উঠছে।

এ বিষয়ে ডিমলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন গণমাধ্যমকে জানান, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে এবং পানি বাড়তে থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া ব্যারাজের সবকটি অর্থাৎ ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি বলেন, সকাল ৯টায় পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।