ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১১:১৬ এএম
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় আজ তাঁকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন।
এর আগে ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।
প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। ওই দিন আরও দুই মাস সময় চেয়েছিল প্রসিকিউশন। কিন্তু মোজাফফরের সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ থাকায় নতুন তারিখ দেননি আদালত। এ কারণে তাঁকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আরও পড়ুন
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন