1. »
  2. আইন আদালত

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৬:০৪ পিএম | আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৬:০৪ পিএম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক দুটি রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে, ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের বিষয়ে দেওয়া আগের রায় প্রত্যাহার করে নেন। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।

পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ করবর্ষের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট দায়ের করে।

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরবর্তী সময়ে সেই রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট। ফলে আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা অর্থ আদায়ে আর বাধা থাকছে না।