আদালতের নির্দেশে রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:২৫ এএম | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:২৫ এএম
কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় গ্রেফতার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী অভিযোগ করেন, রাজু জান্নাতুল তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলা করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানার এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উত্থাপন করা হলে মামলার নির্দেশ দেওয়া হয়। পরে সেই নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, রাজু নিজেকে একটি হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়ে তাজমিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাঁকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে তাজমিন হত্যা মামলার তদন্তে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে গ্রেফতার করে কক্সবাজার পুলিশ। গত সোমবার দুপুরে তাঁকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আইনগত জটিলতার কথা উল্লেখ করে কুমিল্লা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।
গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক সুমনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন
- গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
- প্রতারণা রোধে আগের বিয়ের তথ্য কাবিননামায় যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল
- জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর