ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৬ পিএম
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে এ বিষয়ে জারি করা রুল খারিজ করেই আদালত এই রায় দেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। রায় অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
তবে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।
মামলাটির নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই। জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে একই ৬৬৬ কোটি টাকা আদায়ের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ সেই রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচটি করবর্ষের জন্য প্রদেয় কর দাবি নিয়ে ২০১৭ সালে পৃথক দুটি রিট করেছিল গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তখন রুল জারি করেছিলেন। আজ সেই রুলই খারিজ করে দিলেন হাইকোর্টের নতুন এই বেঞ্চ। রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে এই অর্থ আদায় করতে পারবে এনবিআর।
আরও পড়ুন
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার