তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের ৪ দিনের রিমান্ড
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম | আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে তাহসিফকে ডেকে বাইরে নিয়ে যান দীপ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ভাসছে। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাহসিফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। বয়সের ব্যবধান থাকলেও তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে মানতেন বলে জানান তিনি।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান শনাক্ত করতেও আসামিকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার রাত ১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
আরও পড়ুন
- হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড
- আদালতের নির্দেশে রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
- গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
- প্রতারণা রোধে আগের বিয়ের তথ্য কাবিননামায় যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল
- জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ