সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম
বিদেশে অর্থপাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ওপর চাপ আরও বাড়ল। তার ও তার সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে সিঙ্গাপুরে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
আবেদনটি করেন দুদকের উপ-পরিচালক ও তদন্ত দলের প্রধান মো. মশিউর রহমান। একই সঙ্গে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানোরও অনুমতি দিয়েছেন আদালত।
সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে আগেই গঠন করা হয়েছিল নয় সদস্যের একটি যৌথ টাস্কফোর্স।
এই টাস্কফোর্সের সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সিঙ্গাপুরে সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্টদের সম্পদের সন্ধান মেলে; সিঙ্গাপুরের এসবিসি ব্যাংকে সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমিলা জামানের যৌথ নামে তিনটি সঞ্চয় ও বিনিয়োগ হিসাব, ফার্স্ট আবুধাবি ব্যাংক পিজেএসসি, যুক্তরাষ্ট্রের সিটিব্যাংক এবং ডিবিএস ব্যাংকে আরও একাধিক হিসাব ও আমানত, আরামিট প্রপার্টিজ লিমিটেড, জেডটিএস প্রপার্টিজ লিমিটেড ও নিউ ভেঞ্চারস (লন্ডন) লিমিটেডের নামে বিনিয়োগ, মোট আটটি ব্যাংক হিসাব ও একটি প্রতিষ্ঠানের পরিচালক পদ।
এছাড়া সমালোচিত এই সাবেক মন্ত্রী ‘জাসা ওশান পিটিই লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে ২০১১ সালের ১৫ মার্চ থেকে ২০১৯ সালের ৩ মে পর্যন্ত পরিচালক ছিলেন। এ ছাড়া সিঙ্গাপুরে ২০১৯ সালের ৭ জুন ১৬ লাখ ১২ হাজার সিঙ্গাপুর ডলারে কেনা একটি অভিজাত স্থাবর সম্পত্তির সরাসরি মালিকও তিনি নিজে।
দুদকের আবেদনে বলা হয়, গোপন সূত্রে টাস্কফোর্স জানতে পেরেছে যে, অভিযুক্তরা সিঙ্গাপুরে থাকা তাদের স্থাবর সম্পত্তি তড়িঘড়ি হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন। এই সম্পদ পাচার হয়ে গেলে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় তা অবিলম্বে ক্রোক ও অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আবেদনে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহে ‘পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের’ (এমএলএআর) আওতায় সিঙ্গাপুরের বিচারিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর অনুমতি চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।
আরও পড়ুন
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর