1. »
  2. আইন আদালত

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৭:১১ পিএম | আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৭:১১ পিএম

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (বুধবার, ২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে সকালে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দেন। আদালতে হাজিরা শেষে তিনি জানান, শাপলা চত্বরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, আদালতে উপস্থিত না হলে তাকে আত্মগোপনে রয়েছে বলে মনে করা হতে পারত, তাই তিনি স্বেচ্ছায় হাজিরা দিয়েছেন।

তবে শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে লতিফ সিদ্দিকী দাবি করেন, সে সময় তিনি মন্ত্রী থাকলেও ঘটনাটি সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আদালত সূত্রে জানা যায়, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সেদিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। ওই মামলায় লতিফ সিদ্দিকীসহ অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করেন।