নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:১৪ এএম | আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:১৪ এএম
সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ।
বিচারিক প্রক্রিয়া ও আপিল শুনানি শেষে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর আজ সোমবার (২৪ আগস্ট) রায় দেওয়া হবে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিশেষ দ্বৈত বেঞ্চ এই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
অন্যদিকে আসামি পক্ষে আইনি লড়াই চালান জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন ও মোহাম্মদ শিশির মনিরসহ কয়েকজন বিশিষ্ট আইনজীবী।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায়ে অভিযুক্ত ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, পৌরসভার সাবেক কাউন্সিলর মাকসুদুল আলমসহ আরও ১৩ জন।
নারী ও শিশু নির্যাতনের একাধিক সংবেদনশীল ঘটনার প্রেক্ষাপটে বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। সেই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে পৃথক একটি টিমও গঠন করা হয়েছিল। আজ রায় ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়ায় আরেকটি বড় ধাপ অতিক্রম হতে যাচ্ছে।
আরও পড়ুন
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা