1. »
  2. জাতীয়

নতুন উচ্চতায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র, উৎপাদন ছাড়াল ১ হাজার ৩২১ মেগাওয়াট

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৪ এএম

নতুন উচ্চতায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র, উৎপাদন ছাড়াল ১ হাজার ৩২১ মেগাওয়াট

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির ইতিহাসে এটিই সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। উৎপাদিত পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় উৎপাদন বন্ধ থাকলেও বর্তমানে দুটি ইউনিট থেকেই স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন চলছে। এর মধ্যে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় ২০১০ সালে। পরবর্তী সময়ে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গঠন করা হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। প্রতিষ্ঠানটির অধীনেই পরিচালিত হচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।

মোজাহিদ/দিনকাল