1. »
  2. জাতীয়

বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্পের ছবিতে একই পোজ, কারণ কী

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম | আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম

বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্পের ছবিতে একই পোজ, কারণ কী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি এআই দিয়ে তৈরি—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। একাধিক এআই শনাক্তকারী প্রযুক্তিতে পরীক্ষা করেও ছবিটি কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদনার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

রবিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গত শনিবার (৩ অক্টোবর) তারেক রহমান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ছবিটি তোলা হয় বলে জানান তিনি।

ছবিতে ট্রাম্পের দাঁড়ানোর ভঙ্গি ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখার ধরন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ তৈরি হয়। 

তবে অনুসন্ধানে দেখা গেছে, কসোভো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়ার নেতাদের সঙ্গেও ট্রাম্পের প্রায় একই ধরনের ছবি রয়েছে। এসব ছবিতে তাঁকে একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে পোজ দিতে দেখা যায়।

কসোভোর ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান হিব্রিড ডট ইনফোও বিষয়টি যাচাই করেছে। তাদের বিশ্লেষণে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ট্রাম্পের ছবিতে ভিন্ন ভঙ্গির উদাহরণ পাওয়া গেছে। শাহবাজ শরিফের সঙ্গে একটি ছবিতে ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে রাখতে দেখা গেলেও অন্য একটি ছবিতে তাঁদের করমর্দন করতে দেখা যায়। অর্থাৎ, পুরো অনুষ্ঠানজুড়ে ট্রাম্প একই ভঙ্গিতে ছবি তোলেননি।

এ ছাড়া হাইভ মডারেশন নামের এআই শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করে বলকান অঞ্চলের নেতাদের সঙ্গে তোলা ছবিগুলো পরীক্ষা করা হয়। সেখানেও ছবিগুলোকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করা হয়নি।

অনুসন্ধান অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন এবং বিভিন্ন দেশের নেতারা পর্যায়ক্রমে তাঁর পাশে এসে ছবি তোলেন। একই পটভূমি, ক্যামেরার অবস্থান ও ফটোগ্রাফি ব্যবস্থার কারণে কিছু ছবিতে তাঁর ভঙ্গিতে মিল দেখা গেছে।

অন্যদিকে, ট্রাম্পের কার্ডবোর্ড প্রতিকৃতির পাশে তারেক রহমানের দাঁড়িয়ে থাকার যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল, সেটি ওপেনএআই ব্যবহার করে তৈরি করা কৃত্রিম ছবি বলে যাচাইয়ে উঠে এসেছে।

অর্থাৎ, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে ট্রাম্পের ছবিতে এআইয়ের কারসাজির প্রমাণ মেলেনি। বরং একই অনুষ্ঠানে ছবি তোলার পদ্ধতির কারণেই অন্য বিশ্বনেতাদের ছবির সঙ্গে এর মিল পাওয়া গেছে।

সূত্র: দ্য ডিসেন্ট