1. »
  2. আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩

সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৃথক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। দেশটির আভা বিমানবন্দর ও রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার জন্য সরাসরি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা এর দায় স্বীকার করেছে।

আভা বিমানবন্দরে হামলায় মরক্কোর এক নাগরিক ও আলজেরিয়ার এক নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। অন্যদিকে রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হামলা বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহের হামলার পর বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত সৌদি আরামকোর জ্বালানি সংরক্ষণাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেল সংরক্ষণ ট্যাংকের চারপাশে খাঁচার মতো বিশেষ বেষ্টনীও নির্মাণ করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরাঞ্চরের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

এদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলের লোহিত সাগর উপকূল এবং বাব এল-মানদেব প্রণালীর আশপাশে হুথিদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলে সৌদি আরব ও মিত্র ইয়েমেনি বাহিনী সামরিক তৎপরতা বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশের কয়েকটি কৌশলগত এলাকা তারা পুনর্দখল করেছে বলে জানা গেছে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ বাব এল-মানদেব প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার কারণে ওই অঞ্চলের বাণিজ্যিক ও নৌ চলাচল আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।