রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ নিহত ২৮
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ পিএম
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৭ অক্টোবর) চালানো এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।
উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় ভবনটির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি অংশ। আগুনে পুড়ে যাওয়া কংক্রিট ও ধাতব কাঠামো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র এক বছর এবং অপর একজনের বয়স আট বছর। পরে ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, শুধু প্রিলুকির ওই আবাসিক ভবনেই নিহত হয়েছেন ২০ জন।
হামলায় বহু মানুষ আহত হয়েছেন। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। তিনি অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও সাধারণ জনজীবনকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সন্ত্রাস সৃষ্টির একটি পরিকল্পিত পদক্ষেপ।
হামলার ভয়াবহতা তুলে ধরে স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী ওলেনা সায়ুন বলেন, বিস্ফোরণের সময় তিনি পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের ধাক্কায় ঘরের জানালার কাচ ছিটকে পড়ে। সন্তানকে শরীর দিয়ে আগলে রাখার কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা। তবে তিনি ও তাঁর স্বামী সামান্য আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগের দিনই জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলার তীব্রতা বাড়ছে। কিয়েভসহ বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কসংকেত নিয়মিত বাজছে। নিরাপত্তার জন্য অনেক বাসিন্দা রাত কাটাচ্ছেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে।
কিয়েভের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ইরিনা রিবালচেঙ্কো জানান, প্রয়োজনীয় জিনিসপত্র ও কম্বল নিয়ে তারা মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন। তার ভাষায়, হামলার আশঙ্কায় পুরো শহরেই আতঙ্ক বিরাজ করছে।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী।
জেলেনস্কি এই হামলাকে চলমান যুদ্ধের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও জানান তিনি।
প্রিলুকির ক্ষতিগ্রস্ত এলাকার কাছে বসবাসকারী ৩১ বছর বয়সী ইউলিয়া শামরাই প্রশ্ন তুলেছেন, আবাসিক এলাকায় এমন হামলা চালিয়ে রাশিয়া কী সামরিক লক্ষ্য অর্জন করতে চাইছে।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- আবারও রাহুল-প্রিয়াঙ্কাকে আটকর দুই ঘণ্টা পর ছেড়ে দিল পুলিশ
- সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩
- কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার
- পরমাণু চুক্তি চাইলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন, অবরুদ্ধ ১,৮৯১ হাইস্কুল
- বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন আটক
- শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
- আবাসন সংকটসহ নানা দাবিতে স্পেনে লাখো মানুষের বিক্ষোভ