1. »
  2. আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা বাংলাদেশের

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম | আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে।

এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি চলমান সংকট নিরসনে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।