যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৯
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১২:১৮ পিএম | আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১২:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের ৯ জনের সবাই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।
সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। তার ভাষায়, বিমানটিকে ক্ষেপণাস্ত্রের মতো দ্রুতগতিতে নিচে নেমে আসতে দেখা গেছে। এটি রাস্তার পাশে বিশাল একটি গর্ত তৈরি করেছে। তবে এ ঘটনায় মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি বলে জানান তিনি।
এদিকে উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেটের সংগৃহীত ককপিটের কথোপকথনের রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগমুহূর্তের কিছু তথ্য উঠে এসেছে। রেকর্ডিংয়ে শোনা যায়, বিমানটি দ্রুত উচ্চতা হারানোর আগে পাইলট বরফ জমার কারণে সৃষ্ট নিয়ন্ত্রণযোগ্য সমস্যার কথা উল্লেখ করেছিলেন। এর কিছুক্ষণ পর আতঙ্কিত ক্রুদের বলতে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের বিমানটিকে খাড়া কোণে দ্রুতগতিতে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। মুহূর্তেই সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
বিমানটি ব্যক্তিগত ব্যবসায়িক জেট হলেও এতে কারা যাত্রী হিসেবে ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- অর্ণবের পর নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা, সরানো হচ্ছে উপকূলের মানুষ
- হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৪ তেলবাহী জাহাজে আগুন
- সুদানে ড্রোন হামলায় শতাধিক নিহত, বেশিরভাগই নারী-শিশু
- ইসরায়েলে নির্বাচনে নেই স্পষ্ট বিজয়ী, সরকার গঠন নিয়ে অচলাবস্থা
- স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪
- সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
- বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে দেখছে জাপান: তাকাইচি
- ভারতে এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৫