শ্রমিক আন্দোলনের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১২:২৯ পিএম | আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১২:২৯ পিএম
শ্রমিক আন্দোলনের নামে সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে পোশাকশ্রমিকদের স্বার্থ যথাযথভাবে সংরক্ষণ করা হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। শ্রমিকদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তব পরিস্থিতি বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে যেন কেউ অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।
দ্রুত নির্ধারণ হবে শ্রমিকদের ন্যূনতম মজুরি
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবারই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় খুব শিগগিরই সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বৈঠকে বসবে বোর্ড।
তিনি বলেন, আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঠিক করে ঘোষণা করা হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী তিন বছর পূর্ণ হওয়ার সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তবে সরকার দ্রুততম সময়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আশাবাদী। মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, সচিবালয়ে মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
- পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ফেলে আসেননি প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন
- সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই
- সরকারি বাসা সাবলেটকারীদের ৩১ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ
- ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের বিশাল জয়