1. »
  2. সমগ্র দেশ

সারাদেশে তাপমাত্রা কমার আভাস, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬ এএম | আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬ এএম

সারাদেশে তাপমাত্রা কমার আভাস,  দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

শুক্রবার (৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৭ নভেম্বর) সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৯ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো আবহাওয়া পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।