রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ০৪:১৬ পিএম
রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট চালু রাখা হয়। হঠাৎ এ ঘটনায় বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের প্রধান ফটকের বাম পাশে ফুলগাছের ভেতরে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা এএসআই পলাশকে জানান। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন।
পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তবে গ্রেনেড দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সেগুলো নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
আরও পড়ুন
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- সারাদেশে তাপমাত্রা কমার আভাস, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন
- রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২
- পাটুরিয়ায় উদ্ধার শর্টগানটি হারিয়ে যাওয়া আনসার সদস্যের অস্ত্র
- মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে রাজীব গ্রেপ্তার
- গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মাঠে ১০ প্লাটুন বিজিবি
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন