1. »
  2. সমগ্র দেশ

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১০:৪২ এএম

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেনটির শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ প্রথম বগির ভেতরে আগুন দেখতে পান। পরে দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এ ঘটনার কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন।