1. »
  2. জাতীয়

বাল্য ও যৌতুকের বিয়ের নিবন্ধন করলেই কাজিদের লাইসেন্স বাতিল

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ এএম | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ এএম

বাল্য ও যৌতুকের বিয়ের নিবন্ধন করলেই কাজিদের লাইসেন্স বাতিল

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ ধরনের বিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট কাজিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশে তিনি বলেন, বাল্যবিয়ে কিংবা যৌতুকের বিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের বয়স যথাযথভাবে যাচাই করতে হবে। পাশাপাশি নিয়ম মেনে বিয়ে নিবন্ধন শেষে অনুষ্ঠানে বর-কনের হাতে কাবিননামা তুলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী সতর্ক করে বলেন, এসব নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সামাজিক অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের অবনতি নিয়েও কথা বলেন আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সুন্দর পোশাক কিংবা আকর্ষণীয় চেহারা দিয়ে একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা যায় না। অপরাধমুক্ত ও নৈতিকতাসম্পন্ন মানুষই প্রকৃত অর্থে ভালো মানুষ। বর্তমানে পরিবার ও সমাজে প্রচলিত মূল্যবোধ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের নৈতিক ও মানবিক বিকাশেও গুরুত্ব দিতে হবে।

সমাজে অর্থসম্পদের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারণের প্রবণতার সমালোচনা করে মন্ত্রী বলেন, অর্থের উৎস যাচাই না করেই অনেক সময় বিত্তবান ব্যক্তিদের সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এমনকি মসজিদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও অর্থসম্পদকে প্রাধান্য দেওয়া হয়, অথচ সেই অর্থ কীভাবে উপার্জিত হয়েছে, তা বিবেচনায় নেওয়া হয় না।

তিনি বলেন, ঘুষ কিংবা মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ দান করে সামাজিক প্রশংসা পাওয়া গেলেও তা দিয়ে নৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। মাদক সেবন ও ইবাদত একসঙ্গে চলতে পারে না। এ ক্ষেত্রে প্রত্যেকের নিজের বিবেককেই সবচেয়ে বড় প্রহরী হিসেবে বিবেচনা করা উচিত।

‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কোনো সদস্য মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে স্বেচ্ছায় সংগঠন থেকে সরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় সামাজিক আন্দোলনটির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর লক্ষ্য ও উদ্যোগ দেখে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরাও লালমনিরহাট পরিদর্শন করেছেন। তারা নিজ নিজ জেলায় এ ধরনের সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে সংগঠনের নির্ধারিত পোশাক বিতরণ করেন মন্ত্রী। পরে আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।