1. »
  2. জাতীয়

রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:০১ এএম | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:০১ এএম

রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির শেষ চালান পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানে জ্বালানি আনার কার্যক্রম শেষ হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লরিগুলো কেন্দ্রে পৌঁছায়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা ছিল। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে জ্বালানি পরিবহনের নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হলো।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এদিকে, পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রম শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের কাজও চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চলে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। পরীক্ষাকালীন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় কেন্দ্রটি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং কয়েক ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।