1. »
  2. জাতীয়

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:১৩ এএম

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়। প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার আবার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, কর্মীদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠানো গেলে তাঁরা ব্যক্তিগতভাবে লাভবান হবেন, পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে। এ লক্ষ্যেই বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাঁদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করছে সরকার।

ভাষা শেখানোর পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাঁদের ওই দেশের ভাষা শেখানোর কার্যক্রম চালু করা হবে। এতে কর্মীদের কর্মক্ষেত্রে যোগাযোগ ও কাজের সুবিধা বাড়বে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যে দেশে কাজ করবেন, সেই দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুনের প্রতি সম্মান দেখাতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। তাঁদের কাজ ও আচরণ দেখেই বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে ধারণা পাবেন। বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে আরও কর্মী নিয়োগে আগ্রহী হবে।

তিনি কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে প্রবাসী কর্মীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। এর ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। অভিবাসনসংক্রান্ত সব ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

মোজাহিদ/দিনকাল