1. »
  2. আন্তর্জাতিক

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:১৭ এএম | আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:১৭ এএম

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন

থ্যাংকসগিভিং উৎসবের ছুটিতে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এবং পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চতার জোয়ার ও জলোচ্ছ্বাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে বিমান চলাচল, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা।

ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৮ কোটির বেশি মানুষের ভ্রমণের পরিকল্পনা রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার দেশটিতে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের আরও প্রায় ২ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্ক করেছিল, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে পুরো সপ্তাহজুড়েই বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউ জার্সি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঝড়টিতে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়। প্রবল বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকায় দেখা দেয় বন্যা। নিউ জার্সির জার্সি শোর এলাকার কয়েকটি জনপদ প্লাবিত হওয়ায় অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর মাইকি শেরিল।

অন্যদিকে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ স্থগিত করে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডের কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ডেলাওয়্যারে উত্তাল ঢেউ আছড়ে পড়ে সমুদ্রসৈকত প্লাবিত হয়েছে। পানি উঠে এসেছে উপকূলীয় এলাকার হাঁটাচলার পথেও। এদিকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় মেরিল্যান্ডের পানি সরবরাহকারী সংস্থা প্রায় ২০ লাখ গ্রাহককে জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।

ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিসের তথ্য অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের দিন ওয়াশিংটন ডিসিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। জোয়ারের পানি উপচে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়ে তলিয়ে যায়।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপদে প্রবেশ করা সম্ভব না হওয়ায় বিদ্যুৎ পুনঃসংযোগে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ঝড় মোকাবিলায় পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের পাশাপাশি পশ্চিম উপকূলেও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগর থেকে আসা ধারাবাহিক ঝড়ের প্রভাবে পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উচ্চতার জোয়ার থেকে বন্যার আশঙ্কা রয়েছে।

এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলীয় এলাকার কয়েকটি স্থানে জোয়ারের পানি ৮ ফুট বা ২ দশমিক ৪ মিটারের বেশি উচ্চতায় পৌঁছাতে পারে। এতে গত মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ জোয়ারের উচ্চতাও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে সপ্তাহের শুরুতে সান দিয়েগো ও লস অ্যাঞ্জেলেসে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়। এ পরিস্থিতিতে সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উচ্চ জোয়ারের প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। ক্যালিফোর্নিয়া উপকূল দিয়ে চলাচলকারী ‘অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, জোয়ারের পানিতে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

এ ছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি নিউজ

মোজাহিদ/দিনকাল