রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির বৈঠক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৩:৪৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৪:০০ পিএম
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন, মানবিক সহায়তা এবং প্রত্যাবাসন প্রশ্নে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক সহায়তা ক্রমশ কমে আসায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা তহবিলে প্রায় অর্ধেক কাটছাঁট করেছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ক্যাম্পে ক্রমবর্ধমান জনাকীর্ণতার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ড ও আর্থ-সামাজিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণের সুযোগ অত্যন্ত সীমিত। তাই এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই।
মন্ত্রী আরও সতর্ক করেন যে, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-ইরান উত্তেজনার মতো একাধিক বৈশ্বিক সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক মনোযোগ থেকে হারিয়ে না যায়। এ লক্ষ্যে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা প্রশ্নকে সামনে রাখতে আরও জোরালো ভূমিকা নিতে অনুরোধ করেন তিনি।
বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য 'জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি)' উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বৈঠকের শুরুতে ফ্রেইসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে: ত্রাণমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে ৩৮টি অডিট রিপোর্টের তথ্য অবহিত করলেন হিসাব নিরীক্ষক
- বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার
- শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
- উন্নয়নের স্বার্থে দেশের যেকোনো জায়গায় কাজ করতে নিজেকে প্রস্তুত রাখুন: প্রধানমন্ত্রী