1. »
  2. আইন আদালত

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থী নীল প্যানেলের বিশাল জয়

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১০:৪৪ এএম

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থী নীল প্যানেলের বিশাল জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) বড় জয় পেয়েছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।

দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বুধবার রাত থেকে গণনা শুরু হয় এবং বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

সভাপতি পদে নীল প্যানেলের এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন মাত্র ৭৭৮ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বিপরীতে সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

এ ছাড়া সহ-সভাপতির দুটি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদকের দুটি পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদের মধ্যে ছয়টিও পেয়েছে নীল প্যানেল।

এবারের নির্বাচনে ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী। ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪০ জন প্রার্থী। নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেল অংশ নিলেও গত ২৬ এপ্রিলের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়। সমিতির ইতিহাসে এই প্রথম আওয়ামীপন্থি সাদা প্যানেল নির্বাচনের বাইরে রইল। এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।