1. »
  2. আন্তর্জাতিক
বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

ইবোলার টিকা তৈরিতে লাগবে অন্তত ৯ মাস, কঙ্গোতে মৃত ১৩৯

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:২১ এএম

ইবোলার টিকা তৈরিতে লাগবে অন্তত ৯ মাস, কঙ্গোতে মৃত ১৩৯

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের টিকা তৈরিতে কমপক্ষে ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল বুধবার জেনেভায় সংস্থাটির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএইচও'র উপদেষ্টা ড. ভাসি মূর্তি।

তিনি জানান, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিরুদ্ধে দুটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনোটিরই ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়নি।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা প্রায় মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। ডব্লিউএইচও'র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এ পর্যন্ত দেশটিতে ইবোলার উপসর্গে মৃত্যু হয়েছে ১৩৯ জনের এবং আরও ৬০০ জনের মধ্যে রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন ইবোলায় আক্রান্ত বলে নিশ্চিত করা গেছে। এছাড়া প্রতিবেশী দেশ উগান্ডায়ও দুজন আক্রান্ত হয়েছেন বলে জানান ড. মূর্তি।

কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি একইসঙ্গে জানিয়েছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।