ইরানের যুদ্ধে ৪২ বিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ব্যয় ২৯ বিলিয়ন ডলার
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:৩৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১১:৪৭ এএম
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সংঘর্ষ চলমান থাকায় এবং কিছু তথ্য এখনো গোপনীয় থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
সিআরএসের তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত বা হারানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি অত্যাধুনিক এফ-৩৫এ লাইটনিং-২, একটি এ-১০ থান্ডারবোল্ট-২ স্থল আক্রমণকারী বিমান, সাতটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান এবং একটি ই-৩ সেন্ট্রি আগাম সতর্কীকরণ বিমান। এছাড়া দুটি এমসি-১৩০জে কমান্ডো-২ বিশেষ অভিযানকারী বিমান, একটি এইচএইচ-৬০ডব্লিউ উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনও এই তালিকায় রয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। সিআরএস বিভিন্ন সংবাদ প্রতিবেদন, পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করেছে।
পেন্টাগন জানিয়েছে, 'অপারেশন এপিক ফিউরি' নামে পরিচালিত এই সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্স্ট তৃতীয় জানান, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ বাড়ায় মোট ব্যয়ও ক্রমশ বাড়ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সিআরএসের প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেন, এই যুদ্ধ থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে আরও বড় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন
- হরমুজ প্রণালি 'অবিলম্বে' খুলে দেওয়ার দাবি ট্রাম্পের
- ইবোলার টিকা তৈরিতে লাগবে অন্তত ৯ মাস, কঙ্গোতে মৃত ১৩৯
- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ
- যুদ্ধ পুনরায় শুরু হলে আরও চমক অপেক্ষা করছে: ইরান
- ইরানের সঙ্গে সংঘাত দ্রুত সমাপ্ত হবে: ট্রাম্প
- হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে
- কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে ৮০ জনের মৃত্যু
- আলোচনা ব্যর্থ হলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলা