1. »
  2. আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, ৪ বাংলাদেশি আহত

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:২৮ এএম | আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১০:২৮ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬,  ৪ বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন চারজন বাংলাদেশি নাগরিকও। 

গতকাল বৃহস্পতিবার নাবাতিহ এলাকার একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চার বাংলাদেশির মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে — ব্রাহ্মণবাড়িয়ার মোমিন মিয়া এবং নরসিংদীর জয়েনা আক্তার। ভয়াবহ বিস্ফোরণে জয়েনা আক্তারের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শুক্রবার তাদের সাইদায় স্থানান্তরের কথা রয়েছে। বাকি দুজনের তথ্য সংগ্রহ চলছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন, যারা ভোরে নিরাপদ আশ্রয়ের খোঁজে আদলুন মহাসড়ক দিয়ে পালানোর সময় ড্রোন হামলার শিকার হন। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে বলে জানা গেছে। লেবানন সেনাবাহিনীও নিশ্চিত করেছে, নাবাতিহ হামলায় তাদের একজন সেনাসদস্য নিহত হয়েছেন।

দীর্ঘ তিন সপ্তাহ বিরতির পর দক্ষিণ বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট ভবনেও হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলি গণমাধ্যম এটিকে 'হত্যাচেষ্টা' বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র বৈরুতে হামলা না চালাতে ইসরায়েলকে চাপ দিয়েছিল। নতুন এই হামলা চলমান শান্তি আলোচনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টাইর ও আশপাশের বাসিন্দাদের অবিলম্বে জাহরানি নদীর উত্তরে — অর্থাৎ সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে — সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।