নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৪৯ এএম | আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৪৯ এএম
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যা মামলার রায়ের প্রসঙ্গ টেনে বলেন, নিম্ন আদালতে দুই আসামির মৃত্যুদণ্ড ঘোষিত হলেও হাইকোর্টের অনুমোদন ছাড়া তা চূড়ান্ত নয়। বাংলাদেশে অনেক চাঞ্চল্যকর মামলার রায় হয়, কিন্তু বিলম্বের কারণে মানুষ তা কার্যকর হতে দেখে না বলে উল্লেখ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি শিশু রামিসা, আছিয়া ও রসু খাঁসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করবেন, যা আগামী রোববার থেকে কার্যকর হবে। এই বেঞ্চ কেবল এ ধরনের মামলার জন্যই নির্ধারিত থাকবে এবং অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারা কোনো মামলায় মুলতবি চাইবেন না বলেও জানান তিনি।
প্রধান বিচারপতির এই উদ্যোগকে 'মাইলফলক' বর্ণনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রত্যাশা পূরণ এবং আদালতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি কেবল আলোচিত মামলা নয়, প্রতিটি অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রকে সমানভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- ডিবি হারুনের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
- রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
- শিশু রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু
- মাত্র ১৮ দিনে রায়: শিশু রামিসা হত্যা মামলায় আজ রায়, আদালতে দুই আসামি
- শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন
- শিশু রামিসা হত্যা মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক আজ, হবে রায়ের তারিখ নির্ধারণ
- রামিসা হত্যার বিচার শুরু, আদালতে সোহেল রানা