1. »
  2. আন্তর্জাতিক

ইরানের বন্দর ও উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৫০ এএম | আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ১০:৫০ এএম

ইরানের বন্দর ও উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আরোপিত সামরিক অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল ও নৌবাণিজ্যে আর কোনো বাধা দেওয়া হবে না। পূর্বে জারি করা সামরিক অবরোধও প্রত্যাহার করা হয়েছে।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অন্যতম শর্ত ছিল ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করা। স্বাক্ষরের একদিনের মধ্যেই এই প্রক্রিয়া বাস্তবায়নের দাবি করা হয়েছে।

তবে হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে অবরোধ প্রত্যাহার নিয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানান, চুক্তি স্বাক্ষরের পর টানা দুই রাত হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে কোনো হামলার ঘটনা ঘটেনি। তার মন্তব্য, ইরান এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি মেনে চলছে। তিনি আরও দাবি করেন, গত দুই দিনে এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়েছে, যদিও তথ্যটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করলেও বৈশ্বিক জ্বালানি বাজার পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালী, ফলে এখানকার যেকোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে আন্তর্জাতিক বাজারে।

জ্বালানি খাতসংশ্লিষ্ট পর্যবেক্ষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত হলে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে সহায়ক হবে।

সূত্র: আল জাজিরা, সিএনবিসি