1. »
  2. আন্তর্জাতিক

বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:২৩ পিএম

বিমান ভাড়া কমালো মালয়েশিয়া

আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েল বা বিমানের জ্বালানির মূল্য হ্রাস পাওয়ার সুবাদে নিজেদের সব রুটের বিমান ভাড়া কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট ক্যারিয়ার এয়ারএশিয়া এক্স।

বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল নিশ্চিত করেছেন, গত ১৫ জুন থেকে টিকিট প্রতি ৫ শতাংশ হারে ভাড়া কমানো হয়েছে। জেট জ্বালানির দাম আরও কমলে টিকিটের মূল্য পুনর্বিন্যাস করার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।

এভিয়েশন খাতের বিশেষজ্ঞ লিঙ্গম সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বৈশ্বিক বিমান পরিবহন খাতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তাঁর মতে, এর সরাসরি সুফল হিসেবে মধ্যপ্রাচ্য সংকটের সময় আকাশচুম্বী হওয়া জ্বালানির দাম এখন উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে।

বিমান শিল্পের বর্তমান সংকট ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা জানিয়ে লিঙ্গম বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং তিনি আশা করেন মধ্যপ্রাচ্যের বর্তমান স্থিতিশীল পরিস্থিতি অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত শুক্রবার সিঙ্গাপুরে জেট ফুয়েলের লেনদেন হয়েছে প্রতি ব্যারেলে প্রায় ১১২ ডলারে। গত ৩০ মার্চ যুদ্ধের তীব্র উত্তেজনার সময় এই দাম রেকর্ড সর্বোচ্চ ২৪২ ডলারে পৌঁছে গিয়েছিল। তবে বড় পতন সত্ত্বেও বর্তমান দাম এখনও মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়কার প্রতি ব্যারেল প্রায় ৮০ ডলারের চেয়ে কিছুটা বেশি রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই