ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পে বিপুল প্রাণহানির শঙ্কা, জরুরি অবস্থা জারি
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:৪৪ এএম
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জোড়া এই ভূমিকম্পে রাজধানী কারাকাসে বহু ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেলসেবা স্থগিত রাখা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে জানিয়েছে, এই দুর্যোগে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া ভূমিধস ও মাটি তরলীকরণের মতো ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে এবং এ কার্যক্রমের নেতৃত্ব দেবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল।
স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেইও বলেছেন, অনেক মানুষ চরম দুর্ভোগে রয়েছেন এবং সরকার দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদারের চেষ্টা করছে। তিনি বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
কারাকাসের আলতামিরা এলাকায় বহু ভবন ধসে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন কাবেইও। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার দীর্ঘদিনের শাসক নিকোলাস মাদুরোর পতন ঘটে।
ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র পুয়ের্তো রিকো এবং মার্কিন ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। পাশাপাশি আরুবা, কুরাসাও ও বোনেয়ারে জলোচ্ছ্বাসের ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়। তবে প্রায় এক ঘণ্টা পর সতর্কতা তুলে নেওয়া হয়।
ভূবিজ্ঞানীদের মতে, ভেনেজুয়েলা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৮১২ সালে মেরিদা ও কারাকাসে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন
- ইরানে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস
- আন্তর্জাতিক বাজারে আরও কমল তেলের দাম
- বিমান ভাড়া কমালো মালয়েশিয়া
- কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলদেশি নিহত
- ইরানের বন্দর ও উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- জি৭ সম্মেলনে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান, ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতাকে স্বাগত
- হরমুজ খুলে দেবে ইরান, নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা