মার্কিন ভাইস প্রেসিডেন্ট
সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে
শনিবার, ২৭ জুন, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬ ১২:৩২ পিএম
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম দেখভাল করা সেন্ট্রাল কমান্ড বলেছে, উপসাগরে একটি ট্যাংকারে ইরানের ড্রোন হামলার জবাবে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালিয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা সেই চুক্তি মেনে চলছে। সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে ইরানের কোনো আপত্তি থাকলে তারা কথা বলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে বলে স্পষ্ট করেন তিনি।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সেই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলেও দাবি করে তারা। আইআরজিসি সতর্ক করে বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে তাদের জবাব আরও ব্যাপক ও কঠোর হবে।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল নন। যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘন বলেও উল্লেখ করেন।
যুদ্ধ অবসানে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সে আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানিবাজারকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।
আরও পড়ুন
- ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় ফের অস্থির উপসাগরীয় অঞ্চল
- ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
- ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পে বিপুল প্রাণহানির শঙ্কা, জরুরি অবস্থা জারি
- ইরানে যুদ্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস
- আন্তর্জাতিক বাজারে আরও কমল তেলের দাম
- বিমান ভাড়া কমালো মালয়েশিয়া
- কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলদেশি নিহত
- ইরানের বন্দর ও উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র