1. »
  2. আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৭

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:০৩ এএম | আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১০:০৩ এএম

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে চালানো এই হামলায় অন্তত ৯১ জন গুরুতর আহত হয়েছেন। 

পাশাপাশি প্রায় ১৩০টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চলতি বছরে রাজধানীতে হওয়া সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর টাকাচেঙ্কো জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে।

শহরের দিনিপ্রো নদীর পূর্ব তীরবর্তী একটি আবাসিক এলাকায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো অন্তত আটজন নিখোঁজ রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো পুরো শহরে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন। তিনি কিয়েভে ক্ষতিগ্রস্ত একটি নয়তলা আবাসিক ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পশ্চিমা মিত্ররা যদি সময়মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করত, তবে এত প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ৭৪টি ক্ষেপণাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবার অস্বাভাবিকভাবে বেশি ছিল এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল কিয়েভের সামরিক অবকাঠামো, জ্বালানি স্থাপনা ও বিমানবন্দর। তারা এটিকে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: রয়টার্স