1. »
  2. আন্তর্জাতিক

ইরানে ফের দফায় দফায় হামলা, যুক্তরাষ্ট্রের দায় অস্বীকার

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ০২:৪১ পিএম | আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ০২:৪১ পিএম

ইরানে ফের দফায় দফায় হামলা, যুক্তরাষ্ট্রের দায় অস্বীকার

বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাত থেকে ইরানের বিভিন্ন এলাকায় একাধিক দফায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহর ও পার্শ্ববর্তী চোঘাদাক এলাকায়, পাশাপাশি কোনারাক শহরেও শোনা যায় এসব বিস্ফোরণ—এমনটাই জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। উল্লেখযোগ্য বিষয় হলো, বুশেহরেই রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

তবে এসব বিস্ফোরণে নিজেদের কোনো হাত নেই বলে স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে সরাসরি জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানের ভেতরে তারা কোনো হামলা চালায়নি। 

অন্যদিকে বুশেহরের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ানের ব্যাখ্যা, শহরে শোনা শব্দ এসেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়া থেকে, আর শহরের উপকণ্ঠের একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে একটি প্রজেক্টাইল।

এই ধোঁয়াশা এমন এক সময়ে তৈরি হলো, যখন মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। জবাবে ইরান হামলা চালিয়েছে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক ঘাঁটিতেও। জুনের মাঝামাঝি হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি এতে পড়েছে আরও বড় ঝুঁকির মুখে।

এদিকে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পরপরই মুখ খোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে তার, আর উপসাগরীয় অঞ্চলে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। 

হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, "ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। সামনে আরও চ্যালেঞ্জ আছে।" একই সুরে কথা বলেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও—ইরানের বিরুদ্ধে অভিযান এখনো চলছে বলে জানিয়ে বড় ধরনের নতুন অভিযানের প্রস্তুতির কথাও জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ভাষায়, "প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাতে আমরা পুরোপুরি প্রস্তুত।"

মূলত চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর থেকেই এই নতুন সংঘাত তীব্র রূপ নেয়। ইরান চায় সব জাহাজ তাদের নিয়ন্ত্রিত পথ দিয়ে চলাচল করুক, আর এর তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের 'নোংরা লোক' বলে আখ্যায়িত করে বলেছেন, দুই দেশের মধ্যে আগের সমঝোতা কার্যত শেষ—যদিও তা এখনো আনুষ্ঠানিকভাবে কেউ বাতিল করেনি।

সূত্র: আল জাজিরা