1. »
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা কখনো ভুলবে না : মোজতবা খামেনি

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ০২:৩০ পিএম | আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ০২:৩০ পিএম

যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা কখনো ভুলবে না : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে ওয়াশিংটন এমন শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না। 

গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

বিবৃতিতে খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যেভাবে লঙ্ঘন করা হয়েছে, তাতে ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও অবিশ্বাস্য বলে প্রমাণিত হয়েছে। 

তিনি যুক্তরাষ্ট্রকে "মহাশয়তান" আখ্যা দিয়ে বলেন, চুক্তির ক্ষেত্রে বারবার অঙ্গীকার ভঙ্গ করে দেশটি প্রমাণ করেছে যে তাদের প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধ আরও উসকে দেওয়ার চেষ্টার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় মূল্য ও অপমানের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে। 

ইরানের অভিযোগ, মার্কিন হামলায় সেতু, রেলপথ ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলা এবং ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে তেহরান। 

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, চুক্তির পর থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলে একে কার্যত অকার্যকর ঘোষণা করেছে। 

খামেনি বলেন, সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র তার "আসল চেহারা" প্রকাশ করেছে, যাতে দেশটির প্রতারণাপূর্ণ চরিত্র, অবিশ্বস্ততা ও কু-অভিপ্রায় স্পষ্ট হয়েছে। তিনি দেশকে রক্ষায় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং চলমান সংঘাতের মধ্যে জনগণকে সতর্ক ও সক্রিয় থাকতে বলেন।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইরানের সমর্থনে বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে— এমন আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধের চাপ আরও বৃদ্ধি পেতে পারে।