মোদির বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৮:১২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ০৮:১২ পিএম
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি চালানোর সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ।
বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে এই কর্মসূচি শুরু করেন কংগ্রেস নেতারা। সেখান থেকে দলটি চারটি দাবি তোলে— শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি প্রদান, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা।
কর্মসূচি চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেন রাহুল গান্ধী।
কয়েক ঘণ্টা অবস্থান চলার পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস এমপিদের আটক করতে শুরু করে। প্রথমে আটক হন কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজন, এরপর আটক হন এমপি সুখজিন্দর সিং। আটকের আগে গণমাধ্যমকে সুখজিন্দর সিং বলেন, "এমপিদেরই যদি এ অবস্থা হয়, তাহলে ছাত্রদের সঙ্গে কী হচ্ছে ভেবে দেখুন।"
একাধিক এমপি আটক হওয়ার পরও রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজন নেতা কর্মসূচি চালিয়ে যান। শেষ পর্যন্ত পুলিশ তাদেরও আটক করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে জানা যায়নি তাদের কোথায় নেওয়া হয়েছে। হিন্দুস্থান টাইমস রাহুলকে আটকের একটি ছবি প্রকাশ করে জানায়, পুলিশ জোর করে তাকেসহ অন্য এমপিদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আটক করে।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় সাড়ে সাতটা) পুলিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে বাকি বিক্ষোভকারীদেরও সরিয়ে দেয়, যার মধ্য দিয়ে শেষ হয় দিনভরের এই কর্মসূচি।
আরও পড়ুন
- কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- যুদ্ধ না সংলাপ, চূড়ান্ত সিদ্ধান্ত মোজতবা খামেনির হাতে: আরাগচি
- টানা নবম রাতে ইরানে মার্কিন হামলা
- যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা কখনো ভুলবে না : মোজতবা খামেনি
- মার্কিন সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলা
- এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- দ্রুতই ইরানের পরাজয় হবে: ট্রাম্প
- টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম