রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:২৮ এএম | আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:২৮ এএম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পারস্পরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্যে, রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি সুপারমার্কেটসহ একাধিক অঞ্চলে রুশ হামলায় এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মস্কোর দাবি, তাদের দখলে থাকা এলাকায় ইউক্রেনীয় হামলায় নিহত হয়েছেন চারজন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে।
এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলাটি হয় চেরনিহিভে—একটি সুপারমার্কেটে রুশ ড্রোন হামলায় ৯ বছর বয়সী এক শিশুসহ দুইজন নিহত এবং ২৫ জন আহত হন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সাধারণ সুপারমার্কেটে চালানো অত্যন্ত নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ড্রোন হামলায় একজন এবং দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়ায় বোমা হামলায় আরও একজন নিহত হন। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বহুতল ভবনে আগুন ধরে যায়, যাতে তিনজন আহত হন।
এ ছাড়া দোনেৎস্কের স্লোভিয়ানস্কে নাফতোগেজ প্রতিষ্ঠানের দুই কর্মী হামলায় প্রাণ হারান।
অন্যদিকে রাশিয়ার দখলে থাকা হরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হন। সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদে ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউক্রেনে ১ হাজার ৩৯৬ জন এবং রাশিয়ায় ২৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উভয় দেশই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করলেও স্বল্পপাল্লার ড্রোন ও গাইডেড বোমার ব্যাপক ব্যবহারের কারণে সংঘাত অঞ্চলে প্রাণহানি দ্রুত বাড়ছে।
মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা বর্তমানে থমকে আছে। এর মধ্যে রাশিয়া দখলিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ধরে রাখার পাশাপাশি বাকি অঞ্চল সামরিক শক্তিতে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
- ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটে থমকে গেছে ইরানে মার্কিন হামলা
- সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
- ইরানে টানা ১৩ রাত মার্কিন হামলা, জবাবে কঠোর প্রতিশোধের হুশিয়ারি
- প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন করে মার্কিন শুল্ক আরোপ
- ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনায় মোদির বার্তা
- দিল্লিতে ফের পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট