বাংলাদেশের ভ্রমণ সতর্কতায় বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ১১:০৫ এএম
বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন মূল্যায়নে দেশের সামগ্রিক সতর্কতার মাত্রা লেভেল-৩ (ভ্রমণের আগে পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতার সঙ্গে ভ্রমণ করুন)-এ নামিয়ে আনা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় তুলনামূলক নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচিত হলো।
সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এই অগ্রগতির কথা জানানো হয়।
বৈঠক শেষে খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন সার্জিও গর। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ সতর্কতার স্তর কমানোর এই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন। এতে আরও উল্লেখ করা হয়, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে এই সিদ্ধান্তকে দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
সরকারের ভাষ্য, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে নেওয়া পদক্ষেপের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই বিবেচিত হচ্ছে। পাশাপাশি এটি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
- কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল দেড় হাজার, নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
- বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আমিরাতের প্রেসিডেন্ট, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ
- মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধ,যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ ধ্বংসের দাবি ইরানের
- বিরতি ভেঙে ইরানে ফের মার্কিন হামলা শুরু
- রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০
- যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
- ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটে থমকে গেছে ইরানে মার্কিন হামলা
- সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫